পর্যটন
১২০০ পর্যটক নিয়ে কক্সবাজার থেকে সেন্টমার্টিনের পথে মৌসুমের প্রথম তিন জাহাজ
মৌসুমের প্রথম যাত্রায় ১২০০ পর্যটককে নিয়ে কক্সবাজার থেকে সেন্টমার্টিনের উদ্দেশে রওনা দিয়েছে তিনটি যাত্রীবাহী জাহাজ।
সোমবার (১ ডিসেম্বর) সকাল ৭টা ১৫ মিনিটে কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ ঘাট থেকে জাহাজগুলো দ্বীপের পথে যাত্রা শুরু করে।
সরকারি নির্দেশনা অনুযায়ী, প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটক অনুমতিপ্রাপ্ত জাহাজে সেন্টমার্টিন ভ্রমণ করতে পারবেন। চলতি দুই মাস-অর্থাৎ ৩১ জানুয়ারি পর্যন্ত-দ্বীপে পর্যটকদের রাত্রিযাপনের সুযোগ থাকছে।
ভ্রমণ ব্যবস্থাপনাকে সুশৃঙ্খল রাখতে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের স্বীকৃত অনলাইন প্ল্যাটফর্ম থেকে টিকিট সংগ্রহ বাধ্যতামূলক করা হয়েছে। প্রতিটি টিকিটে থাকবে ট্রাভেল পাস ও কিউআর কোড, যা স্ক্যানের মাধ্যমে যাচাই করা হবে। কিউআর কোডবিহীন টিকিট নকল হিসেবে গণ্য হবে এবং সেটি বাতিল বলে বিবেচিত হবে।
‘সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’-এর সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর জানান, মোট ছয়টি জাহাজকে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। যাত্রী চাহিদা ও আনুপাতিক হিসাব বিবেচনায় আজ তিনটি জাহাজ পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, জোয়ার-ভাটা ও নদীর নাব্যতা অনুযায়ী প্রতিদিন যাত্রার সময় নির্ধারণ করা হয়। সেন্টমার্টিন থেকে বিকেলে জাহাজগুলো আবার কক্সবাজারের উদ্দেশে ফিরে আসবে।
মৌসুমের শুরুতেই পর্যটকদের প্রাণচাঞ্চল্যে কক্সবাজার–সেন্টমার্টিন নৌপথে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।