ক্যাম্পাস

ডাকসু ও হল সংসদ নির্বাচনে ১০ দফা ইশতেহার ঘোষণা ছাত্রদল প্যানেলের (ভিডিও)


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ০৩:৩০ পিএম

ডাকসু ও হল সংসদ নির্বাচনে ১০ দফা ইশতেহার ঘোষণা ছাত্রদল প্যানেলের (ভিডিও)
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ঘিরে ক্যাম্পাসে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। প্রার্থীরা জোরেশোরে চালিয়ে যাচ্ছেন প্রচারণা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।

এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বটতলায় ১০ দফা ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদল সমর্থিত ‘আবিদ-হামিম-মায়েদ পরিষদ’।

ইশতেহার পাঠ করেন ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান। এ সময় শিক্ষা ও গবেষণাভিত্তিক একটি নিরাপদ, নারী-বন্ধু এবং আধুনিক ক্যাম্পাস গঠনের প্রতিশ্রুতি তুলে ধরেন তিনি। এছাড়া আধুনিক কারিকুলাম, উন্নত পরীক্ষা ব্যবস্থা, কার্যকর ডাকসু এবং আন্তর্জাতিক অঙ্গনে বিশ্ববিদ্যালয়ের সক্রিয় অংশগ্রহণের ওপর জোর দেওয়া হয়।

ইশতেহার ঘোষণার পর ছাত্রদলের তৃতীয় দিনের প্রচারণা শুরু হয় বটতলা থেকে। কলাভবনসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন প্যানেলের প্রার্থীরা।

ছাত্রদল প্যানেলের ১০ দফা ইশতেহারে রয়েছে-

১. শিক্ষা ও গবেষণাকে প্রাধান্য দিয়ে আধুনিক, আনন্দময়, বসবাসযোগ্য, ও নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলা।

২. নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস, নারী স্বাস্থ্য সুরক্ষা এবং সক্ষমতা বৃদ্ধি।

৩. শিক্ষার্থীদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য বীমা নিশ্চিত করা, এবং বিশেষ চাহিদাসম্পন্ন ছাত্র-ছাত্রীদের শিক্ষা গ্রহণ ও চলাচল সহজতর করা।

৪. কারিকুলাম, অবকাঠামো ও পরীক্ষা ব্যবস্থার আধুনিকায়ন, এবং গবেষণার মানোন্নয়ন।

৫. পরিবহন ব্যবস্থার নিয়ন্ত্রণ, ব্যাটারিচালিত শাটল সার্ভিস প্রচলন, এবং যাতায়াত ব্যবস্থা সহজ করা।

৬. হয়রানি মুক্ত প্রশাসনিক সেবা, শিক্ষা ঋণ, এবং ক্যাম্পাসভিত্তিক কর্মসংস্থানের ব্যবস্থা।

৭. তরুণদের গঠনমূলক কাজে সম্পৃক্তকরণ এবং ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম বৃদ্ধি।

৮. শিক্ষার্থীদের জন্য ডিজিটাল সুবিধা, সাইবার সিকিউরিটি, এবং সাইবার বুলিং প্রতিরোধ।

৯. বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন ও প্রাণীবান্ধব ক্যাম্পাস তৈরি।

১০. কার্যকর ডাকসু এবং আন্তর্জাতিক পরিসরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পৃক্ততা বৃদ্ধিকরণ।