ক্যাম্পাস
অনির্দিষ্টকালের জন্য বাকৃবি বন্ধ ঘোষণা, ক্যাম্পাসে বিজিবি মোতায়েন (ভিডিও)
কম্বাইন্ড ডিগ্রির দাবিতে চলমান আন্দোলন ঘিরে শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার ঘটনার পর উত্তপ্ত হয়ে ওঠে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাস। এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।
রোববার (৩১ আগস্ট) রাতেই উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া এই ঘোষণা দেন। শিক্ষার্থীদের আগামীকাল সোমবার সকাল ৯টার মধ্যে হলত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, মোতায়েন করা হয়েছে দুই প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বর্তমানে পুরো ক্যাম্পাসে চরম উত্তেজনা ও থমথমে পরিবেশ বিরাজ করছে।
এর আগে দুপুর থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা কম্বাইন্ড ডিগ্রির দাবিতে উপাচার্যসহ একাডেমিক কাউন্সিলের প্রায় ২২৭ জন শিক্ষককে জয়নুল আবেদিন মিলনায়তনে অবরুদ্ধ করে রাখেন। মিলনায়তনের মূল ফটকে তালা দিয়ে তারা আটকে রাখেন শিক্ষক ও প্রশাসনের কর্মকর্তাদের।
অবরুদ্ধ অবস্থা চলে টানা দুপুর ১টা থেকে রাত ৮টা পর্যন্ত। এ সময় ময়মনসিংহের জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আলোচনার চেষ্টা করেন।
তবে আলোচনা চলাকালীন সময়েই লাঠিসোঁটা নিয়ে হঠাৎ করে একদল বহিরাগত শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে নারী শিক্ষার্থীসহ বেশ কয়েকজন আহত হন। সহিংসতার সুযোগে অবরুদ্ধ শিক্ষকরা মিলনায়তন থেকে বের হয়ে আসেন। ঘটনার পরপরই ক্ষুব্ধ শিক্ষার্থীরা হল ছেড়ে বেরিয়ে আসেন এবং আন্দোলনের নতুন ধাপ শুরু হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই ক্যাম্পাস বন্ধ ঘোষণা এবং আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে শিক্ষার্থীদের অভিযোগ, পরিকল্পিতভাবে আন্দোলন দমন করতেই বহিরাগতদের ব্যবহার করা হয়েছে। হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন তারা।