ক্যাম্পাস
জাকসু নির্বাচন : অব্যবস্থাপনার অভিযোগে সরে দাঁড়ালেন বিএনপিপন্থী ৩ শিক্ষক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ ঘিরে ভোট বর্জনের ঘটনা আরও বিস্তৃত হয়েছে। ছাত্রদল সমর্থিত প্যানেলের পর এবার জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের তিন শিক্ষকও ভোট বর্জন করে কেন্দ্র ত্যাগ করেছেন।
বৃহস্পতিবার বিকেল চারটার আগেই তাঁরা ভোটকেন্দ্র ত্যাগ করেন। শিক্ষকরা হলেন— ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক নাহরীন ইসলাম খান, গণিত বিভাগের অধ্যাপক নজরুল ইসলাম ও বাংলা বিভাগের অধ্যাপক শামীমা সুলতানা।
পরবর্তীতে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনে অধ্যাপক নাহরীন ইসলাম খান বলেন, “প্রশাসন শুরু থেকেই দায়িত্বজ্ঞানহীন কাজ করছে। নানা অনিয়ম, কারসাজি করছে। এরকম একটা নির্বাচনের দায়ভার আমাদের নেওয়া উচিত না। প্রতিবাদের জায়গা থেকে আমরা দায়িত্বশীল শিক্ষকরা এই নির্বাচনকে বর্জন করলাম।”