ক্যাম্পাস
জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের দিন এক মর্মান্তিক ঘটনার অবতারণা ঘটে। নির্বাচনে দায়িত্ব পালনরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের প্রভাষক ও পোলিং অফিসার জান্নাতুল ফেরদৌস।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন ভবনের তৃতীয় তলায় উঠার সময় করিডোরেই হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে যান তিনি। সঙ্গে থাকা সহকর্মীরা দ্রুত তাকে নিচে নামিয়ে আনেন এবং জরুরি ভিত্তিতে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসকদের বরাত দিয়ে জানা গেছে, তার মৃত্যু হৃদরোগজনিত (কার্ডিয়াক অ্যারেস্ট) কারণে ঘটে এবং সেন্সলেস হওয়ার মাত্র ৩০ সেকেন্ডের মধ্যেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জান্নাতুল ফেরদৌস জাকসু ও প্রীতিলতা হল সংসদ নির্বাচনে পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার এমন আকস্মিক মৃত্যুতে উপস্থিত সবাই শোকাহত হয়ে পড়েন। প্রত্যক্ষদর্শীদের ভাষায়, এই অনাকাঙ্ক্ষিত ঘটনা সবার মনকে বিষণ্ন করে তোলে।