ক্যাম্পাস
ছবি বিকৃতির ঘটনায় মামলা করলেন ঢাবি শিক্ষিকা মোনামি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষিকা শেহরীন আমিন ভুইয়া মোনামি নিজের ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের অভিযোগে মামলা করেছেন। সোমবার (৩ নভেম্বর) সকালে শাহবাগ থানায় তিনি এই মামলাটি দায়ের করেন।
মামলা দায়েরের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কয়েকজন নেতাও উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন ডাকসুর আইন ও মানবাধিকার সম্পাদক মো. জাকারিয়া।
জাকারিয়া এক ফেসবুক পোস্টে জানান, শেহরীন আমিন ভুইয়া মোনামি ম্যাম তার বিকৃত ছবি ফেসবুকে প্রকাশকারীদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা করেছেন। তিনি লেখেন, “ডাকসুর পক্ষ থেকে সার্বিক সহায়তা প্রদান করেছি। উপস্থিত ছিলেন ডাকসুর কমনরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে সালমা এবং মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম ঝুমা।”
তিনি আরও জানান, মামলাটি অধিকতর তদন্তের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার ইউনিটে পাঠানো হয়েছে।
জাকারিয়া বলেন, “যারা পোস্ট করেছেন, অশালীন মন্তব্য করেছেন বা বিকৃত ছবি শেয়ার করেছেন—তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। ভবিষ্যতে কেউ এ ধরনের কাজ করলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
ডিবির সাইবার ইউনিট জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা শিক্ষার্থীরা যদি ছবি বা ভিডিও বিকৃতিসহ কোনো ধরনের সাইবার বুলিংয়ের শিকার হন, তাহলে তারা দ্রুত ব্যবস্থা নেবে।