ক্যাম্পাস
ডাকসু থেকে শেখ হাসিনার আজীবন সদস্যপদ বাতিল ঘোষণা
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া আজীবন সদস্যপদ বাতিল করা হয়েছে। ২০১৯ সালে দেওয়া এই সদস্যপদকে ‘অবৈধ ও অগণতান্ত্রিক’ ঘোষণা করে বর্তমান ডাকসু পরিষদ বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত সাধারণ সভায় সিদ্ধান্ত নেয়।
সভা শেষে ডাকসুর ভাইস প্রেসিডেন্ট (ভিপি) সাদিক কায়েম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ২০১৯ সালে ডাকসুর গঠনতন্ত্র লঙ্ঘন করে একটি প্রস্তাবের মাধ্যমে শেখ হাসিনাকে আজীবন সদস্যপদ দেওয়া হয়েছিল, যা ছিল সম্পূর্ণ ‘অগণতান্ত্রিক ও অবৈধ’। আজকের সাধারণ সভায় সেই বিতর্কিত প্রস্তাব বাতিল করা হয়েছে।
সন্ধ্যা ৬টায় ডাকসু কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডাকসুর সভাপতি অধ্যাপক নিয়াজ আহমদ খান। এতে ডাকসুর ভিপি, জিএস, এজিএসসহ কার্যনির্বাহী পরিষদের সব সদস্য উপস্থিত ছিলেন।