ক্যাম্পাস

ডুয়েটে নতুন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৭ মে ২০২৬, ০৪:১৪ পিএম

ডুয়েটে নতুন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষ
ছবি: সংগৃহীত

গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)–এ নতুন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে চলমান আন্দোলন সংঘর্ষে রূপ নিয়েছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

রোববার (১৭ মে) সকাল থেকে ডুয়েট ক্যাম্পাসে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় উপাচার্য নিয়োগের পক্ষে ও বিপক্ষে অবস্থান নেওয়া দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, মোহাম্মদ ইকবালকে গত ১৪ মে সরকার ডুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেয়। প্রজ্ঞাপন জারির পর থেকেই শিক্ষার্থীদের একটি অংশ এ নিয়োগ প্রত্যাখ্যান করে আন্দোলনে নামে। একই সঙ্গে কয়েকজন শিক্ষকও বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগের দাবি জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, ১৪ মে রাত থেকে শুরু হওয়া আন্দোলনের ধারাবাহিকতায় ১৭ মে সকাল ৮টা থেকে শিক্ষার্থীদের একটি অংশ ক্যাম্পাসে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। নতুন উপাচার্য ক্যাম্পাসে আসতে পারেন—এমন খবর ছড়িয়ে পড়লে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে আন্দোলনকারীরা প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। পরে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষে রূপ নেয় এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, ডুয়েট একটি বিশেষায়িত প্রকৌশল বিশ্ববিদ্যালয় হওয়ায় এখানে অভ্যন্তরীণভাবে জ্যেষ্ঠ ও যোগ্য শিক্ষকদের মধ্য থেকেই উপাচার্য নিয়োগ দেওয়া উচিত ছিল।

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক আমিনুল ইসলাম বলেন, “রোববার দুপুর ১২টা পর্যন্ত ডুয়েট ক্যাম্পাস থেকে আহত অবস্থায় ১৫ জনকে আনা হয়েছে।”

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, “উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে কয়েক দিন ধরেই উত্তেজনা চলছিল। রোববার তা সংঘর্ষে রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।”