ক্যাম্পাস
মেসের ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে মাভাবিপ্রবি শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদ থেকে পড়ে যাওয়ার ঘটনায়। নিহত শিক্ষার্থীর নাম মো. মনিরুজ্জামান মনির। তিনি বিশ্ববিদ্যালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়-সংলগ্ন আরিফনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, একটি ভাড়া বাসার বারান্দায় অবস্থানকালে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন মনির। এতে তিনি তৃতীয় তলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হন।
পরে সহপাঠীরা দ্রুত তাকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, মনিরুজ্জামান দিনাজপুর জেলার বিরল উপজেলার মির্জাপুর গ্রামের বাসিন্দা। তিনি শওকত আলীর ছেলে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে সহপাঠী, শিক্ষক ও বিশ্ববিদ্যালয় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
শুক্রবার সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরদেহ নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে নিয়ে যাওয়া হবে, যেখানে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে।
এদিকে, শিক্ষার্থীর এমন মর্মান্তিক মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি বলেন, সম্ভাবনাময় একজন তরুণ শিক্ষার্থীর অকাল মৃত্যু বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি।