ক্যাম্পাস
শিবির প্রতিটি ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের হেনস্থা করছে: নাছির উদ্দীন
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গত দুই বছরেরও বেশি সময় ধরে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নারী শিক্ষার্থীদের হেনস্থা ও বিভিন্নভাবে সাইবার হয়রানি করছে বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
রোববার (২ আগস্ট) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠিত ‘রক্তাক্ত জুলাই স্মরণ প্রত্যয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরদার জহুরুল ইসলামের সঞ্চালনায় নাছির উদ্দীন নাছির বলেন, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কিছু গোষ্ঠী বিকৃত মানসিকতা ও অসামাজিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এসব কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে তিনি শিক্ষার্থীদের এ ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকার আহ্বান জানান।
তিনি বলেন, বিভিন্ন গণতান্ত্রিক ছাত্রসংগঠন যখন এসব ঘটনার বিরুদ্ধে অবস্থান নিচ্ছিল, তখন ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে নারী শিক্ষার্থীদের জন্য আলাদা কর্নার চালু করে।
জুলাই আন্দোলনের প্রসঙ্গ তুলে নাছির উদ্দীন নাছির দাবি করেন, ওই আন্দোলনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ছাত্রসংগঠন ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। তার ভাষ্য অনুযায়ী, আন্দোলনে ছাত্রদলের ১৪২ জন নেতাকর্মী নিহত হয়েছেন। তিনি বলেন, শহীদ ওয়াসিম, শহীদ রাব্বিসহ যারা জীবন দিয়েছেন, তারা গণতান্ত্রিক, সাম্যভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন।
তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রাম চালিয়ে আসার পর ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের মধ্য দিয়ে সেই আন্দোলন সফল হয়। জুলাই-আগস্টের আন্দোলনে ছাত্রদল প্রকাশ্যে রাজপথে থেকে সক্রিয় ভূমিকা পালন করেছে বলেও দাবি করেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। প্রধান বক্তা ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আব্দুল আলিম এবং উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদ মামুন। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহীর সভাপতিত্বে জাতীয়তাবাদে বিশ্বাসী শিক্ষক, ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং রাজশাহী মহানগর বিএনপির নেতারা অনুষ্ঠানে অংশ নেন।