ক্যাম্পাস
দেশীয় অস্ত্র-লাঠিসোঁটাসহ বেরোবিতে ছাত্রদল-যুবদল, উত্তপ্ত ক্যাম্পাস
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) এলাকায় ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটাসহ অবস্থান নিয়েছে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৪টার পর থেকে রংপুর মহানগরের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা বেরোবির প্রধান ফটকের সামনে জড়ো হতে শুরু করেন। এ সময় তাদের হাতে ছুরি, চাপাতি ও লাঠিসোঁটাসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র দেখা যায়।
অবস্থান কর্মসূচির সময় নেতাকর্মীরা জামায়াত-শিবিরবিরোধী বিভিন্ন স্লোগান দেন। এতে পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে।
কর্মসূচিতে অংশ নেওয়া এক যুবদল কর্মী জানান, বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সঙ্গে সংহতি জানিয়ে তারা এখানে অবস্থান নিয়েছেন। তিনি বলেন, স্বাধীনতাবিরোধী শক্তিকে প্রতিহত করতে তারা মাঠে নেমেছেন এবং তাদের বিরুদ্ধে অবস্থান অব্যাহত থাকবে।
তবে একই স্থানে কর্মসূচির ঘোষণা দিলেও ছাত্রশিবির বা তাদের কোনো অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের ঘটনাস্থলে দেখা যায়নি।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপকভাবে মোতায়েন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান বলেন, ক্যাম্পাসের ভেতরে কোনো বহিরাগত প্রবেশ করতে পারবে না এবং আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। তিনি আরও জানান, সম্ভাব্য সংঘর্ষ এড়াতে দুই পক্ষকে আলাদা স্থানে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানা পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।