রাজধানী
রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ পুলিশি অভিযানে গ্রেফতার ১৬
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কুখ্যাত ‘কবজি কাটা’ আনোয়ার গ্রুপের সক্রিয় সদস্য রিয়াজ এবং জাল টাকার কারবারি জীবন আহমেদ পলাশসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন— রিয়াজ (২৩), জীবন (৪৫), শাহীন (২৫), হৃদয় (২২), পাপ্পু (২৮), হাবিব (১৯), অনিক (৩৬), হাবিব (২১), নান্নু (৫০), শুভ (২৪), ইউসুফ (৩৪), ইকবাল (৩২), রুবেল (২০), নাদিম (২১), জামাল (৩৪) ও জুয়েল সর্দার (২৮)।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার (২৭ সেপ্টেম্বর) দিনব্যাপী মোহাম্মদপুর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় আসামিদের কাছ থেকে একটি সামুরাই চাপাতি, নগদ ১ লাখ ৪৫ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
ডিএমপি কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, গ্রেফতারদের মধ্যে নিয়মিত মামলা ও পরোয়ানাভুক্ত আসামি ছাড়াও বিভিন্ন অপরাধে জড়িতরা রয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।