রাজধানী

পল্লবী থানা যুবদলের সদস্য সচিব কিবরিয়াকে গুলি করে হত্যা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ০৮:৫৮ পিএম

পল্লবী থানা যুবদলের সদস্য সচিব কিবরিয়াকে গুলি করে হত্যা
নিহত বিএনপি নেতা গোলাম কিবরিয়া। ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এলাকার একটি হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারিতে দোকানে বসে থাকা অবস্থায় তাকে গুলি করা হয়।

সোমবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। তিনি জানান, গুলিবিদ্ধ অবস্থায় কিবরিয়াকে মুমূর্ষু অবস্থায় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। কে বা কারা হামলা করেছে- এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

ঘটনার পর পল্লবী, মিরপুরসহ আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। কিবরিয়ার রাজনৈতিক সহকর্মীরা জানান, কিবরিয়াকে কাছ থেকে মাথা, বুক ও পিঠে গুলি করা হয়।

ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার মোহাম্মদ মাকছুদের রহমান জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। হামলাকারীদের পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে। নিহতের ব্যাপারে আনুষ্ঠানিক নিশ্চিতকরণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

পুলিশের প্রাথমিক তথ্য মতে, মোটরসাইকেলে আসা তিনজন দুর্বৃত্ত দোকানে ঢুকে পিস্তল ঠেকিয়ে সাত রাউন্ড গুলি ছোড়ে এবং দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে সাত রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।