রাজধানী
৭ ঘণ্টা ধরে জ্বলছে কেরানীগঞ্জের আগুন, নিয়ন্ত্রণে ২০ ইউনিট
রাজধানীর কেরানীগঞ্জে জাবালে নূর টাওয়ার নামের একটি বহুতল ভবনে লাগা আগুন সাত ঘণ্টা পেরিয়েও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে। এ পর্যন্ত ভবন থেকে ৪৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন এসব তথ্য জানান। তিনি বলেন, জাবালে নূর টাওয়ারটি মূলত কয়েকটি পৃথক ভবনের সমন্বয়ে তৈরি হলেও বেজমেন্ট একটি। ভবনটি বাণিজ্যিক ও আবাসিক—দুই ধরনের ব্যবহারের জন্য নির্মিত। প্রথম ও দ্বিতীয় তলায় গার্মেন্টস পণ্যের দোকান এবং ছোট ছোট ঝুটের গুদাম রয়েছে, আর ওপরের তলাগুলোতে আবাসিক কোয়ার্টার।
তিনি আরও জানান, বেজমেন্টে প্রবেশের মাত্র দুটি পথ থাকায় আগুন নেভানোর কাজে বাধা সৃষ্টি হচ্ছে। অধিকাংশ দোকানের তালা ও শাটার ভেঙে ভেতরে ঢুকে আগুন নিয়ন্ত্রণে কাজ করতে হচ্ছে। এ কারণেই আগুন নেভাতে অতিরিক্ত সময় লাগছে।
অগ্নিকাণ্ডের ফলে ব্যাপক ধোঁয়া সৃষ্টি হওয়ায় আগুন নিয়ন্ত্রণে তিনটি ব্রিদিং অ্যাপারেটাস টেন্ডার ও একটি হ্যাজম্যাট টেন্ডারসহ মোট ২০টি ইউনিট কাজ করছে। সর্বশেষ আরও তিনজনকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ নিয়ে উদ্ধার হওয়া মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ জনে।
এর আগে ফায়ার সার্ভিস জানিয়েছিল, ভোর ৫টা ৩৭ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। প্রথম ইউনিট ভোর ৫টা ৪৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে কেরানীগঞ্জ, সদরঘাট ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে একে একে ইউনিট যোগ দেয়। ভবনের নিচতলায় আগুনের সূত্রপাত হওয়ায় ধোঁয়া দ্রুত ছড়িয়ে পড়ে এবং ভেতরে অবস্থানকারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর তদন্ত করে বিস্তারিত জানানো হবে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত রয়েছেন।