রাজধানী

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ ইনকিলাব মঞ্চের, যান চলাচল বন্ধ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৪ পিএম

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ ইনকিলাব মঞ্চের, যান চলাচল বন্ধ
ছবি: সংগৃহীত

শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে তার সংগঠন ইনকিলাব মঞ্চ। এতে গুরুত্বপূর্ণ এই মোড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শাহবাগ মোড়ে অবস্থান নেন। অবরোধের কারণে আশপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হয়।

এর আগে শুক্রবার সকালে ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে শহিদ শরিফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা এবং তার হত্যাকারীদের বিচারের দাবিতে বাদ জুমা দেশব্যাপী দোয়া, মোনাজাত ও বিক্ষোভ মিছিলের কর্মসূচির আহ্বান জানানো হয়।

জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে গঠিত রাজনৈতিক-সাংস্কৃতিক সংগঠন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ছিলেন শহিদ শরিফ ওসমান হাদি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণাও দিয়েছিলেন।

নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন গত ১২ ডিসেম্বর ঢাকার পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে গুরুতর আহত হন হাদি। চলন্ত একটি মোটরসাইকেল থেকে তাকে লক্ষ্য করে মাথায় গুলি করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুর নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিন দিন পর, ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়।