রাজধানী

রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল আরেক ছিনতাইকারীর


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০৬:১০ পিএম

রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল আরেক ছিনতাইকারীর
ছবি: সংগৃহীত

রাজধানীর কদমতলীতে পথচারীকে ছিনতাইয়ের সময় এক ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেক ছিনতাইকারী নিহত হয়েছেন। নিহতের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তার বয়স আনুমানিক ৩৫ বছর।

শনিবার (২৯ আগস্ট) ভোরে নামা শ্যামপুরের বড়ইতলা ভাঙা ব্রিজের পাশে এ ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ভোর সাড়ে ৫টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কদমতলী থানার পরিদর্শক (তদন্ত) সজিব কুমার বাড়ৈ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভোরে ভাঙা ব্রিজের পাশে দুই পথচারীকে ঘিরে ধরে তিন ছিনতাইকারী। এ সময় একজন ছিনতাইকারী এক পথচারীকে জাপটে ধরে তার কাছ থেকে টাকা ও মালামাল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পথচারীরা চিৎকার শুরু করলে তাদের ওপর হামলার চেষ্টা করে ছিনতাইকারীরা।

একপর্যায়ে এক ছিনতাইকারী সুইচগিয়ার দিয়ে পথচারীকে আঘাত করতে গেলে পেছনে থাকা অপর ছিনতাইকারীর বগলের নিচে ছুরিকাঘাত লাগে। এতে গুরুতর আহত হয়ে ওই ছিনতাইকারী সড়কে পড়ে যান। এ সময় বাকি দুই ছিনতাইকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে পুলিশ আহত ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ কর্মকর্তা জানান, নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তদন্ত করে বিস্তারিত জানার চেষ্টা চলছে।