রাজধানী
সংসদ ভবনের সামনে ব্যাগ ধরে ছিনতাইকারীর টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু
রাজধানীর সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর কবলে পড়ে রনজিনা পারভীন নামে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। মোটরসাইকেলে আসা এক ছিনতাইকারী তার ব্যাগ ধরে টান দিলে রিকশা থেকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি।
শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে এ ঘটনা ঘটে।
নিহত রনজিনা পারভীন বগুড়ার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
জানা গেছে, চিকিৎসকের পরামর্শ নিতে শনিবার ভোরে বগুড়া থেকে ঢাকায় আসেন রনজিনা পারভীন। গাবতলী থেকে রিকশায় করে ফার্মগেটের ইসলামিয়া চক্ষু হাসপাতালে যাওয়ার পথে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে পেছন দিক থেকে মোটরসাইকেলে এক ছিনতাইকারী এসে তার ব্যাগ ধরে টান দেন।
এ সময় রিকশা থেকে পড়ে গিয়ে রনজিনা পারভীনের মাথা ফেটে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার বিষয়ে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার ইবনে মিজান গণমাধ্যমকে বলেন, ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। খুব শিগগিরই তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আশা করছেন তারা।