রাজধানী
কেরানীগঞ্জে গুলিবিদ্ধ বিএনপি নেতা হাসান মোল্লা মারা গেছেন
ঢাকার কেরানীগঞ্জে সন্ত্রাসীদের গুলিতে আহত বিএনপি নেতা হাসান মোল্লা শেষ পর্যন্ত মারা গেছেন। শনিবার (২৪ জানুয়ারি) বিকেল আনুমানিক ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাসান মোল্লা (৫০) কেরানীগঞ্জের হজরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। নিহতের পারিবারিক সূত্রে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
নিহতের শ্যালক ও কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সহসভাপতি নাজিম উদ্দীন জানান, দীর্ঘ সময় চিকিৎসাধীন থাকার পর শনিবার বিকেলে তার শ্যালক হাসান মোল্লা মারা যান।
পুলিশ জানায়, এখনো পর্যন্ত নিহতের পরিবার থানায় কোনো মামলা করেনি। কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, মামলা হলে ঘটনার তদন্তসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত প্রায় ৯টার দিকে কেরানীগঞ্জের জগন্নাথপুর এলাকায় ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ের কাছ দিয়ে হাঁটার সময় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা খুব কাছ থেকে তিন থেকে চার রাউন্ড গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হাসান মোল্লাকে স্থানীয়রা প্রথমে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।