রাজধানী
ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবেরসহ একাধিক আহত
জাতিসংঘের অধীনে শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত এবং ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে অগ্রসর হলে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড় এলাকায় এ সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, যমুনা অভিমুখে যাওয়ার সময় পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী বাধা দেয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে। এ সময় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন বলে সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়।
এদিকে আব্দুল্লাহ আল জাবেরের ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে বলা হয়, সংঘর্ষে শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন এবং জাবের গুলিবিদ্ধ হয়েছেন।
পোস্টে আরও জানানো হয়, শান্তিপূর্ণভাবে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানিয়ে আপাতত কোনো জমায়েত না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে চিকিৎসা শেষে পুনরায় রাজপথে নামার ঘোষণাও দেওয়া হয়।