রাজধানী

রাজধানীতে মৌসুমের প্রথম শিলাবৃষ্টি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ০৮:৫৫ পিএম

রাজধানীতে মৌসুমের প্রথম শিলাবৃষ্টি
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকায় মৌসুমের প্রথম শিলাবৃষ্টির দেখা মিলেছে।

শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যা ৭টার পর রাজধানীর বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টিও হয়েছে।

রাজধানীর যাত্রাবাড়ী, বাড্ডা, লিংক রোড, গুলশান ও ভাটারা এলাকায় শিলাবৃষ্টি হয়েছে বলে জানা গেছে। এতে সন্ধ্যার পর হঠাৎ আবহাওয়ার পরিবর্তন দেখা যায়।

বাংলাদেশ আবহাওয়া পর্যবেক্ষণ দল (বিডব্লিউওটি) আগে থেকেই জানিয়েছিল, দেশের উত্তর-পূর্বাঞ্চল দিয়ে বছরের প্রথম প্রাক-মৌসুমি বৃষ্টিবলয় ‘গোধূলি’ সক্রিয় হতে পারে। এই বৃষ্টিবলয়ের প্রভাবে দেশের প্রায় ৪০ থেকে ৫০ শতাংশ এলাকায় কালবৈশাখী ঝড় ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, সিলেট ও ময়মনসিংহ বিভাগের কিছু এলাকায় দীর্ঘ সময় ধরে বৃষ্টিপাত হতে পারে। রাতের দিকে বৃষ্টিবলয়টি সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের মধ্য দিয়ে প্রবেশ করবে এবং আগামী ১৮ মার্চের দিকে উপকূলীয় এলাকা দিয়ে দেশ ত্যাগ করতে পারে।

বিডব্লিউওটির তথ্য অনুযায়ী, বৃষ্টিবলয় ‘গোধূলি’র প্রভাবে সিলেট ও ময়মনসিংহ বিভাগে সবচেয়ে বেশি সক্রিয়তা থাকবে। এছাড়া ঢাকা বিভাগের উত্তর-পূর্বাংশ, চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চল এবং রংপুর বিভাগের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলেও কয়েক দফায় কালবৈশাখী ঝড় ও বিক্ষিপ্ত শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এদিকে ঢাকা ও রংপুর বিভাগের বাকি অংশ, রাজশাহী এবং খুলনা বিভাগের উত্তরাঞ্চলে মাঝারি মাত্রার বৃষ্টি হতে পারে। তবে বরিশাল এবং খুলনা ও চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে বৃষ্টির সক্রিয়তা তুলনামূলক কম থাকতে পারে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, এই সময় দেশের ওপর দিয়ে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এর সঙ্গে মাঝারি থেকে তীব্র বজ্রপাত এবং বিক্ষিপ্ত শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগর কিছুটা উত্তাল থাকতে পারে।

বিশেষ সতর্কবার্তায় বলা হয়েছে, অতিরিক্ত বৃষ্টির কারণে সিলেট বিভাগের পাহাড়ি এলাকায় পাহাড় ধসের ঝুঁকি থাকতে পারে। তবে এই বৃষ্টিবলয়ের কারণে বন্যার আশঙ্কা নেই।

আবহাওয়াবিদদের মতে, চৈত্র মাসের এই প্রাক-মৌসুমি বৃষ্টি দেশের কৃষির জন্য উপকারী হতে পারে। এতে প্রায় ২৫ থেকে ৩৫ শতাংশ এলাকার সেচের চাহিদা পূরণ হতে পারে। আকাশ মেঘলা থাকায় উত্তর ও মধ্যাঞ্চলে আবহাওয়া আরামদায়ক থাকতে পারে, যদিও দক্ষিণাঞ্চলে বৃষ্টির বিরতিতে কিছুটা ভ্যাপসা গরম অনুভূত হতে পারে।

বিডব্লিউওটি জানিয়েছে, ১৩ থেকে ১৭ মার্চ পর্যন্ত এই বৃষ্টিবলয় সক্রিয় থাকতে পারে এবং ১৬ মার্চ পর্যন্ত এর প্রভাব সবচেয়ে বেশি অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।