রাজধানী

তুরাগে ছিনতাইকারীর টানে রিকশা থেকে ছিটকে তরুণীর মৃত্যু


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ০৫:২২ পিএম

তুরাগে ছিনতাইকারীর টানে রিকশা থেকে ছিটকে তরুণীর মৃত্যু
ছবি: সংগৃহীত

রাজধানীর তুরাগ এলাকায় ছিনতাইকারীর কবলে পড়ে চলন্ত রিকশা থেকে ছিটকে পড়ে মুক্তা আক্তার (২১) নামে এক তরুণীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ৯টার দিকে মেট্রোরেল স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয় এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে দুপুর পৌনে ২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মুক্তা আক্তার রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ফরহাদপুর গ্রামের লিমন হোসেনের স্ত্রী। তাদের গ্রামের বাড়ি বরগুনায় হলেও তারা বর্তমানে উত্তরা ফায়দাবাদ এলাকায় ভাড়াবাসায় বসবাস করতেন।

নিহতের স্বামী লিমন হোসেন জানান, সকালে তারা দুজনে একটি দর্জির দোকানে কাপড় দিয়ে বাসায় ফেরেন। পরে মুক্তা কিছু কেনাকাটার জন্য উত্তরা হাউজবিল্ডিং মার্কেটের উদ্দেশ্যে একা বের হন। পথে তিনি একটি ব্যাটারিচালিত অটোরিকশায় উঠেন। উত্তরা সেন্টার ও উত্তরা দক্ষিণ মেট্রোরেল স্টেশনের মাঝামাঝি এলাকায় একটি প্রাইভেটকার থেকে ছিনতাইকারীরা তার হাতে থাকা ব্যাগ টান দিয়ে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় তিনি চলন্ত রিকশা থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

তিনি আরও জানান, আধাঘণ্টা পর খবর পেয়ে হাসপাতালে গিয়ে জানতে পারেন, ছিনতাইয়ের সময় রিকশা থেকে পড়ে গুরুতর আহত হন মুক্তা। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। লিমন বলেন, “ঈদে শ্বশুরবাড়ি বরগুনায় যাওয়ার কথা ছিল, এজন্য সে খুবই খুশি ছিল। কেনাকাটা করতে যাওয়ার পথেই এভাবে তাকে হারাতে হলো। আমি এ ঘটনার বিচার চাই।”

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দিনদুপুরে এমন ছিনতাই ও প্রাণহানির ঘটনায় নগরীর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।