রাজধানী
টানা বৃষ্টিতে বিপর্যস্ত রাজধানী, দুর্ভোগে অফিসগামী মানুষ
সকাল থেকেই টানা বৃষ্টিতে ভিজছে রাজধানী ঢাকা। বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কমে স্বস্তি এলেও কর্মস্থলে যাওয়া মানুষের ভোগান্তি বেড়েছে বহুগুণ। সড়কে যান চলাচল ধীর হয়ে পড়ায় বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে তীব্র যানজট ও জলাবদ্ধতা।
বুধবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ছয়টার দিকে শুরু হওয়া বৃষ্টিতে সবচেয়ে বেশি সমস্যায় পড়েন অফিসগামী কর্মী, শিক্ষার্থী ও শ্রমজীবী মানুষ। অনেককে ছাতা ছাড়াই বৃষ্টির মধ্যে দৌড়ে আশ্রয় নিতে দেখা গেছে দোকান বা ভবনের নিচে। যাদের ছাতা ছিল, তারাও পুরোপুরি ভিজে যাওয়ার হাত থেকে রক্ষা পাননি।
কাজীপাড়া এলাকায় বাসে ওঠার সময় যাত্রীদের ভিজে যেতে দেখা যায়। একইভাবে স্কুলগামী শিক্ষার্থীদেরও বৃষ্টির মধ্যেই রাস্তায় চলাচল করতে হয়েছে।
আগারগাঁও এলাকায় এক যাত্রী জানান, সকালে হঠাৎ আকাশ অন্ধকার হয়ে আসায় মনে হয়েছিল সন্ধ্যা নেমে এসেছে। অন্যদিকে কারওয়ান বাজারগামী এক কর্মজীবী নারী জানান, বৃষ্টির কারণে রিকশা পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে এবং পরে অতিরিক্ত ভাড়া দিয়ে রিকশায় যেতে বাধ্য হন।
বৃষ্টির ফলে কারওয়ান বাজারসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এর সঙ্গে যোগ হয়েছে যানজট, যা নগরবাসীর ভোগান্তি আরও বাড়িয়েছে। অনেকেই সময়মতো অফিসে পৌঁছাতে না পারার আশঙ্কায় আগে বের হলেও সড়কে ধীরগতির কারণে বিপাকে পড়েন।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকায় নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে এবং বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
টানা এই বৃষ্টিপাত আরও কিছু সময় অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।