রাজধানী
কলাবাগান থানার এসআই নিখোঁজ
রাজধানীর ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর কলাবাগান থানার এক উপ-পরিদর্শক (এসআই) কয়েকদিন ধরে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ পুলিশ সদস্যের নাম রাকিবুল হাসান সরকার (৩২)।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে নির্ধারিত ডিউটিতে যোগ না দিয়ে কলাবাগান থানাধীন কাঁঠালবাগান এলাকার একটি অস্থায়ী ব্যারাক থেকে সিভিল পোশাকে বের হন তিনি। এরপর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে।
ঘটনার পর কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। একই সঙ্গে নিখোঁজ এসআইয়ের সন্ধানে দেশের সব থানায় বেতার বার্তা পাঠানো হয়েছে।
নিখোঁজ রাকিবুলের বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলার বাপতা গ্রামে। ব্যক্তিগত বর্ণনায় জানা গেছে, তার গায়ের রং শ্যামলা, মুখমণ্ডল গোলাকার, উচ্চতা প্রায় ৫ ফুট ৮ ইঞ্চি এবং চুল ছোট ও কালো।
এ বিষয়ে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম জানান, নিখোঁজের ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। পরিবারের তথ্য অনুযায়ী, এর আগেও তিনি কয়েকবার নিখোঁজ হয়েছিলেন।
তিনি আরও জানান, প্রযুক্তিগত বিশ্লেষণে সর্বশেষ তার অবস্থান পুরান ঢাকার চকবাজার এলাকায় শনাক্ত করা হয়েছিল। এরপর থেকে আবারও তার ফোন বন্ধ রয়েছে। পুলিশ তাকে উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছে।