রাজধানী

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে এসির গ্যাস লিকেজ থেকে ৬ শিশুর মৃত্যু


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৭ মে ২০২৬, ১১:৪৯ এএম

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে এসির গ্যাস লিকেজ থেকে ৬ শিশুর মৃত্যু
ছবিঃ সংগৃহীত

রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ছয় শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।

বুধবার (২৭ মে) ভোররাতের দিকে এই ঘটনা ঘটে বলে জানা গেছে। খবর পেয়ে রমনা থানা-পুলিশসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত হাসপাতাল পরিদর্শনে যান।

ঠিক কী কারণে শিশুদের মৃত্যু হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপপুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি জানান, হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর খবর পেয়ে পুলিশের টিম পাঠানো হয়েছে এবং প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। হাসপাতালের একটি অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, একটি ওয়ার্ডের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বা এসির গ্যাস লিকেজ থেকে এই মৃত্যুর ঘটনা ঘটে থাকতে পারে।

তবে কোনো নিরপেক্ষ বা প্রাতিষ্ঠানিক সূত্র থেকে এসি গ্যাস লিকেজের বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলছে।