রাজধানী
ভারী বৃষ্টিতে পানিতে ডুবে আছে রাজধানীর রাস্তা, পুলিশের জরুরি বার্তা
রাজধানীর বনানী ও খিলক্ষেতসহ বিভিন্ন এলাকার নিচু সড়কগুলো ভারী বর্ষণের পানিতে তলিয়ে গেছে। এ পরিস্থিতিতে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে ট্রাফিক পুলিশ।
রোববার (১২ জুলাই) বেলা ১১টার পর ট্রাফিক পুলিশের গুলশান বিভাগের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়, টানা ভারী বৃষ্টির কারণে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাকলী র্যাম্পের নিচের অংশ, বনানী, খিলক্ষেত, ঢাকা গেটসহ মহানগরের বিভিন্ন নিচু এলাকায় ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এর ফলে সংশ্লিষ্ট সড়কগুলোতে যানবাহনের গতি ধীর হয়ে পড়েছে এবং কিছু স্থানে যানজটের সৃষ্টি হয়েছে।
বিশেষ করে কাকলী মোড়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নামা যানবাহন এবং নিচের সড়কে চলাচলকারী যানবাহনকে অতিরিক্ত সতর্কতার সঙ্গে চলতে হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে মোটরযান চালক ও পথচারীদের উদ্দেশে অনুরোধ জানানো হয়েছে- অপ্রয়োজনীয় ভ্রমণ পরিহার করুন, জলাবদ্ধ এলাকায় ধীরগতিতে যানবাহন চালান এবং নিরাপদ দূরত্ব বজায় রাখুন। পাশাপাশি সম্ভব হলে বিকল্প সড়ক ব্যবহার এবং ট্রাফিক পুলিশের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।