রাজধানী

তিন দফা দাবিতে রাতেও চলছে আন্দোলন, সড়কে অবস্থান


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ১০:১০ পিএম

তিন দফা দাবিতে রাতেও চলছে আন্দোলন, সড়কে অবস্থান
ছবি: সংগৃহীত

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে রাজধানীতে দিনভর বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। জাতীয় সংসদ ভবনের সামনে অবস্থান নিয়ে তারা অবরোধ কর্মসূচি পালন করলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশের লাঠিচার্জে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে অভিযোগ ওঠে।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে সমাবেশ করে শিক্ষার্থীরা তাদের দাবি তুলে ধরেন। সেখান থেকে মিছিল নিয়ে জাতীয় সংসদ ভবনের সামনে গিয়ে সড়ক অবরোধ করলে মানিক মিয়া অ্যাভিনিউয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।

অবরোধ চলাকালে পুলিশ সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানালেও শিক্ষার্থীরা অবস্থান অব্যাহত রাখলে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। আন্দোলনকারীদের অভিযোগ, এ সময় পুলিশের লাঠিচার্জে কয়েকজন শিক্ষার্থী আহত হন।

পরে পুলিশ সংসদ ভবনের সামনের এলাকা থেকে শিক্ষার্থীদের সরিয়ে দিলে তারা আসাদগেটের আড়ং মোড়ে গিয়ে আবার অবস্থান নেন। সেখানে উত্তেজিত কিছু শিক্ষার্থী পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ পাল্টা ধাওয়া দিয়ে তাদের সরিয়ে দেয় এবং এলাকায় নিয়ন্ত্রণ নেয়।

এরপরও আন্দোলন থামেনি। রাত পর্যন্ত শিক্ষার্থীরা রাজধানীর বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। তারা দুর্যোগ পরিস্থিতি শেষ না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত, ১৩ জুলাই বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা এবং শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবি পুনর্ব্যক্ত করেন।

এদিকে জাতীয় সংসদে বক্তব্য দিয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন তার একটি ব্যক্তিগত মন্তব্য নিয়ে দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, কাউকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছু বলেননি, তবে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি দুঃখিত।

তিনি আরও জানান, চলমান বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন স্থগিত পরীক্ষাগুলো নতুন প্রশ্নপত্রে পুনরায় নেওয়া হবে। নির্ধারিত দিনে অন্য বিষয়ের পরীক্ষার সঙ্গে সমন্বয় করে এসব পরীক্ষা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ফোনালাপকে কেন্দ্র করে শিক্ষামন্ত্রীকে ঘিরে সমালোচনা শুরু হয়। এতে শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে মন্তব্য করা হয়েছে—এমন অভিযোগ ওঠে। এর জের ধরেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা বিক্ষোভে নামেন।