রাজধানী

প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের পেট্রোল পাম্পে হামলা, কোটি টাকা ছিনতাই


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০৯:১৪ পিএম

প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের পেট্রোল পাম্পে হামলা, কোটি টাকা ছিনতাই
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় ব্যাংকে জমা দিতে নেওয়ার পথে একটি পেট্রল পাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ঘটনার দুই দিন পেরিয়ে গেলেও এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে তদন্তে অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

রোববার (৯ আগস্ট) সকালে উত্তরার একটি ব্যাংকে টাকা জমা দিতে যাচ্ছিলেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মীরা। পথে র‍্যাব-১ ব্যাটালিয়নের দক্ষিণ পাশের সড়কে তাদের গাড়ির গতিরোধ করে দুর্বৃত্তরা। পরে হামলা চালিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায় তারা। এ ঘটনায় ওইদিনই বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে।

ছিনতাই হওয়া অর্থ ডিএল পেট্রল পাম্পের বলে জানা গেছে। প্রতিষ্ঠানটির মালিকানার সঙ্গে যুক্ত তাসীন আক্তার হক ডেল, যিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বোন, সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী খুরশীদ জাহান হকের ছোট ছেলে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পেট্রল পাম্পটিতে প্রতিদিন প্রায় ৪৫ থেকে ৫০ লাখ টাকা লেনদেন হয়। নিয়ম অনুযায়ী প্রতিদিনের বিক্রির অর্থ সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে ব্যাংকে জমা দেওয়া হয়। তবে শুক্র ও শনিবার ব্যাংক বন্ধ থাকায় ওই দুই দিনের অর্থ একসঙ্গে রোববার জমা দিতে নেওয়া হচ্ছিল। ফলে ওই দিন টাকার পরিমাণ বেশি ছিল।

ঘটনার সময় সকাল সাড়ে ১০টার দিকে তিনটি মোটরসাইকেলে করে আসা কয়েকজন দুর্বৃত্ত প্রথমে গাড়িতে ধাক্কা দেয়। পরে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নেয় এবং দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

এ ঘটনায় পেট্রল পাম্পের ব্যবস্থাপক করিম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেছেন।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান জানান, এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। দুর্বৃত্তদের শনাক্তে কাজ চলছে। ইতোমধ্যে আশপাশের অন্তত ৫০টি সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হয়েছে। তবে ব্যবহৃত মোটরসাইকেলের নম্বর প্লেট স্পষ্টভাবে শনাক্ত করা যায়নি। তিনি আশা প্রকাশ করেন, দ্রুতই জড়িতদের আইনের আওতায় আনা সম্ভব হবে।