রাজধানী

জন্মাষ্টমী শোভাযাত্রা ঘিরে রাজধানীবাসীর জন্য ডিএমপির ৯ নির্দেশনা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ এএম

জন্মাষ্টমী শোভাযাত্রা ঘিরে রাজধানীবাসীর জন্য ডিএমপির ৯ নির্দেশনা
ছবি: সংগৃহীত

শ্রীকৃষ্ণের জন্মবার্ষিকী জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে শুক্রবার ৪ সেপ্টেম্বর বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।

এ উপলক্ষে শোভাযাত্রা চলাকালীন বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত নগরবাসীর জন্য নির্দিষ্ট জরুরি নির্দেশনা অনুসরণের জন্য বিশেষ অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শোভাযাত্রার রুট

শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির- পলাশী বাজার- জগন্নাথ হল- কেন্দ্রীয় শহীদ মিনার- দোয়েল চত্বর- হাইকোর্ট- বঙ্গবাজার- ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ভবন- গোলাপশাহ মাজার- গুলিস্তান মোড়- নবাবপুর রোড- রায় সাহেব বাজার মোড় হয়ে বাহাদুর শাহ পার্ক পর্যন্ত।

ডিএমপির ৯টি জরুরি নির্দেশনা-

১. উল্লিখিত শোভাযাত্রার রুটে কোন ধরনের যানবাহন পার্কিং করা যাবে না।

২. উচ্চ স্বরে পিএ/সাউন্ড সিস্টেম বাজানো থেকে বিরত থাকতে হবে।

৩. অংশগ্রহণে ইচ্ছুকদের প্রারম্ভেই শোভাযাত্রায় মিলিত হতে হবে। কোনো ক্রমেই মাঝপথে শোভাযাত্রায় যোগ দেওয়া যাবে না।

৪. নিরাপত্তার স্বার্থে হ্যান্ড ব্যাগ, ট্রলি, বড় ভ্যানিটি ব্যাগ, পোটলা, দাহ্য পদার্থ, ছুরি, অস্ত্র, কাঁচি, ক্ষয়কারক তরুল, ব্রেড, দিয়াশলাই, গ্যাসলাইটার ইত্যাদি সঙ্গে নিয়ে শোভাযাত্রায় অংশ নেওয়া যাবে না।

৫. শোভাযাত্রা চলাকালীন রুটে কোনো ধরনের ফলমূল ছোড়া যাবে না।

৬. শোভাযাত্রা চলাকালীন রাস্তায় অহেতুক দাঁড়িয়ে থেকে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না।

৭. সন্দেহজনক কোনো ব্যক্তি বা বস্তু পরিলক্ষিত হলে তাৎক্ষণিক নিকটস্থ পুলিশকে অবহিত করুন।

৮. শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের স্বেচ্ছাসেবক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ করা হলো।

৯. ব্যারিকেড, পিকেট ও আর্চওয়ে ব্যবস্থাপনায় নিয়োজিত পুলিশকে দায়িত্ব পালনে সহযোগিতা করুন।

উপর্যুক্ত শোভাযাত্রা চলাকালীন সম্মানিত নগরবাসীদেরকে পুলিশের নির্দেশিত বিকল্প সড়কে চলাচল করতে অনুরোধ করা হলো।

জন্মাষ্টমী শোভাযাত্রা যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সম্মানিত নগরবাসীদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছে।