রাজধানী

কেরানীগঞ্জে সেলুনের সামনে কিশোর গ্যাং লিডারকে কুপিয়ে ও গুলি করে হত্যা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ পিএম

কেরানীগঞ্জে সেলুনের সামনে কিশোর গ্যাং লিডারকে কুপিয়ে ও গুলি করে হত্যা
ছবি: সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জের আরশিনগর এলাকায় পূর্ব শত্রুতার জেরে মো. ফরহাদ হোসেন নামে ২৫ বছর বয়সী এক যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ফরহাদ রাজধানীর রায়েরবাজার এলাকার কিশোর গ্যাং পাটালি গ্রুপের সক্রিয় সদস্য ছিলেন বলে জানা গেছে।

মঙ্গলবার দুপুর ৩টার দিকে বসিলা সেতু সংলগ্ন আরশিনগর এলাকায় একটি সেলুনের সামনে এ হামলার ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় ফরহাদকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে বিকেল সাড়ে ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বন্ধু সাকিব জানান, ফরহাদ মাছ ও কাপড়ের ব্যবসা করতেন। দুপুরে চুল কাটাতে সেলুনের সামনে গেলে পূর্ব শত্রুতার জেরে সাব্বিরের নেতৃত্বে কালা সোহেল, সাগর, হাবিব ও আরমানসহ কয়েকজন তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ও তার বন্ধুরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

পারিবারিক সূত্রে জানা গেছে, ফরহাদ ভোলার চরফ্যাশন থানার দুলারহাট গ্রামের ফারুক মিয়ার ছেলে। তিনি পরিবারের সঙ্গে কেরানীগঞ্জের আরশিনগর এলাকায় বসবাস করতেন। ছয় ভাইবোনের মধ্যে তিনি ছিলেন অন্যতম। চার বছর আগে বিয়ে করলেও তার কোনো সন্তান ছিল না।

পুলিশ সূত্রে জানা গেছে, রায়েরবাজার এলাকায় আরমান শাহরুখ গ্রুপ ও পাটালি গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সম্প্রতি পাটালি গ্রুপের সদস্যরা আরমান শাহরুখ গ্রুপের শাহরুখকে কুপিয়ে আহত করে। পরে চিকিৎসার জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে গেলে সেখান থেকে শাহরুখকে গ্রেপ্তার করে র‍্যাব। মাদক ব্যবসাকে কেন্দ্র করেও দুই গ্রুপের মধ্যে বিরোধ ছিল বলে জানিয়েছে পুলিশ।

নিহত ফরহাদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। কিছুদিন আগে তিনি কারাগার থেকে জামিনে বের হন বলেও পুলিশ সূত্রে জানা গেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক হাবিবুর রহমান জানান, ধারালো অস্ত্রের আঘাত ও গুলিতে ওই যুবকের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।