রাজধানী

বনশ্রীতে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল শিক্ষিকার


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ এএম

বনশ্রীতে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল শিক্ষিকার
ছবি: সংগৃহীত

রাজধানীর বনশ্রীতে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে তাসফিয়া আহমেদ তিশা নামে ৩১ বছর বয়সী এক শিক্ষিকা নিহত হয়েছেন। তিনি মাইলস্টোন স্কুলের শিক্ষিকা ছিলেন।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে বনশ্রীর ফরাজী হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাসফিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত তাসফিয়া আহমেদ তিশার বাড়ি রাজধানীর খিলগাঁওয়ের মেরাদিয়া নয়াপাড়া এলাকায়। তার বাবার নাম মো. শফিউদ্দিন আহমেদ।

নিহতের ভাই এনাম আহমেদ জানান, রাতের দিকে পাঠাওয়ের মোটরসাইকেলে করে বনশ্রীর ফরাজী হাসপাতালের সামনে দিয়ে যাচ্ছিলেন তার বোন। এ সময় বিপরীত দিক থেকে আসা রমজান পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে তাসফিয়া গুরুতর আহত হন।

পরে কয়েকজন পথচারী ও পুলিশ সদস্য তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

এনাম আহমেদ বলেন, খবর পেয়ে তারা ঢাকা মেডিকেলে গিয়ে তাসফিয়ার মরদেহ দেখতে পান। এ ঘটনায় বাসটি ও এর চালক পুলিশ হেফাজতে রয়েছে বলে তারা জানতে পেরেছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে তাসফিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।