রাজধানী
রাজধানীর সূত্রাপুরে পেট্রোল ঢেলে ঘরে আগুন, একই পরিবারের ৫ জন দগ্ধ
রাজধানীর সূত্রাপুরের শ্যামবাজার এলাকায় পারিবারিক কলহের জেরে পেট্রোল ঢেলে ঘরে আগুন দেওয়ার ঘটনায় একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। গুরুতর আহতদের মধ্যে তিনজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে।
শনিবার ১৯ সেপ্টেম্বর বিকেলে নিজ বাসায় আগুনে দগ্ধ হন তারা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, পারিবারিক কলহের একপর্যায়ে একজন পেট্রোল ঢেলে ঘরে আগুন ধরিয়ে দেন। এতে পরিবারের পাঁচ সদস্য দগ্ধ হন।
হাসপাতালের আবাসিক চিকিৎসক জানিয়েছেন, আহত ইমনের শরীরের ৯০ শতাংশ, তানিয়ার ৬০ শতাংশ, সিদ্দিকের ৩৫ শতাংশ, রাজীবের ১৫ শতাংশ এবং আরিফের ৮ শতাংশ পুড়ে গেছে।
আহতদের মধ্যে ইমন, তানিয়া ও সিদ্দিকের অবস্থা গুরুতর হওয়ায় তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে।