অপরাধ

আওয়ামী লীগ আমলে স্বাস্থ্যখাতে দুর্নীতির হোতা মিঠু গ্রেপ্তার


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৯ পিএম

আওয়ামী লীগ আমলে স্বাস্থ্যখাতে দুর্নীতির হোতা মিঠু গ্রেপ্তার
মোতাজ্জেরুল ইসলাম মিঠু। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের শাসনামলে স্বাস্থ্যখাতে ব্যাপক দুর্নীতির সঙ্গে জড়িত আলোচিত ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম মিঠুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এ তথ্য নিশ্চিত করে। মিঠুকে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

এর আগে, বুধবার (১০ সেপ্টেম্বর) দুর্নীতি দমন কমিশন (দুদক) মিঠুর বিরুদ্ধে ৭৫ কোটি টাকার জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করে। দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আকতার হোসেন জানান, স্বাস্থ্য খাতে একটি প্রভাবশালী সিন্ডিকেটের নেতৃত্ব দিয়ে সরকারি প্রকল্পের নামে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ ও পাচারে জড়িত ছিলেন মিঠু।

মিঠু 'লেরিক্সাকোন মার্চেন্ডাইজ' ও 'টেকনোক্রেট' নামের দুটি প্রতিষ্ঠানের মালিক। তদন্তে জানা যায়, তিনি জমি, ফ্ল্যাট, বাড়ি, গাড়ি, স্বর্ণালংকার, ব্যাংক জমা, শেয়ারবাজার ও বিভিন্ন খাতে বিনিয়োগের মাধ্যমে প্রায় ৭৫ কোটি ৮৫ লাখ টাকার অবৈধ সম্পদ গড়ে তুলেছেন। তার পারিবারিক ব্যয়সহ মোট সম্পদ ও ব্যয়ের হিসাব প্রায় ১৪৭ কোটি ৩০ লাখ টাকা ছাড়িয়েছে।

তদন্তে আরও উঠে এসেছে, বৈধ উৎস থেকে মিঠুর আয় প্রায় ৭১ কোটি ৫০ লাখ টাকা। বাকি সম্পদ জ্ঞাত আয়ের বাইরে, যা দুর্নীতির মাধ্যমে অর্জিত বলে প্রমাণ পেয়েছে দুদক।

দীর্ঘদিন ধরেই স্বাস্থ্য খাতে ‘মাফিয়া চরিত্র’ হিসেবে পরিচিত ছিলেন মোতাজ্জেরুল ইসলাম মিঠু, যিনি আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন বড় টেন্ডার, সরবরাহ ও প্রকল্পে দখলদারিত্ব চালিয়েছেন বলে অভিযোগ রয়েছে।