অপরাধ

রাজধানী থেকে ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত গ্রেপ্তার


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ০২:১৩ পিএম

রাজধানী থেকে ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত গ্রেপ্তার
ওবায়দুল কাদের (বামে) এবং তার ছোট ভাই শাহাদাত হোসেন। ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পলাতক নেতা ও দলটির সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই মো. শাহাদাত হোসেনকে (৫৮) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (১৫ অক্টোবর) রাতে রাজধানীতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। একই অভিযানে দলটির আরও ৯ নেতাকর্মীকেও গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার এম তালবুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিমও শাহাদাত হোসেনের গ্রেপ্তারের বিষয়টি একটি নির্ভরযোগ্য মাধ্যমে জানতে পেরেছেন বলে জানান। তবে তিনি বলেন, “কখন, কোথা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানতে পারিনি।”

পুলিশ জানায়, রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের ৯ নেতাকর্মীকে আটক করা হয়েছে।

শাহাদাত হোসেন এর আগেও একাধিক ঘটনায় আলোচনায় ছিলেন। ২০২৩ সালে নোয়াখালীর বসুরহাট বাজারে বিদ্যুৎ বিভাগের এক কর্মকর্তাকে প্রকাশ্যে মাথার চুল কেটে মারধর করেন তিনি। ওই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে দেশজুড়ে সমালোচনার সৃষ্টি হয়।

এরপর কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে নিজ ভাই কাদের মির্জার সঙ্গে রাজনৈতিক দ্বন্দ্বে জড়িয়ে পড়েন তিনি। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে শাহাদাত হোসেন পলাতক ছিলেন বলে জানায় পুলিশ।