অপরাধ

অনলাইন জুয়ার আড়ালে টাকা পাচার, সিআইডি জালে গ্রেপ্তার ৮ সদস্য  


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৭ মে ২০২৬, ০৭:৪৭ পিএম

অনলাইন জুয়ার আড়ালে টাকা পাচার, সিআইডি জালে গ্রেপ্তার ৮ সদস্য  
ছবিঃ সংগৃহিত

আন্তর্জাতিক ও দেশীয় অনলাইন জুয়ার সাইট পরিচালনার মাধ্যমে কোটি কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের মূলহোতাসহ আট সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সিআইডির সাইবার পুলিশ সেন্টারের এক অভিযানে ভয়ংকর এই অনলাইন জুয়া ও ডিজিটাল হুন্ডি নেটওয়ার্কের তথ্য উঠে এসেছে।

সিআইডি জানায়, চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন আন্তর্জাতিক ও দেশীয় অনলাইন জুয়ার প্ল্যাটফর্ম পরিচালনা করে আসছিল। জুয়াড়িরা এসব সাইটে মোবাইল ব্যাংকিং সেবা, ব্যাংক অ্যাকাউন্ট এবং ক্রিপ্টো ওয়ালেট ব্যবহার করে অর্থ লেনদেন করতো। পরে সেই অর্থ ক্রিপ্টোকারেন্সি ও ডিজিটাল হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করা হতো।

পুলিশের তথ্য অনুযায়ী, সাধারণ মানুষকে অনলাইন জুয়ার প্রতি প্রলোভিত করে গত প্রায় ছয় মাস ধরে প্রতিদিন আনুমানিক এক কোটি ৮০ লাখ থেকে দুই কোটি টাকা অবৈধভাবে লেনদেন করতো এই চক্রটি। আর এই লেনদেন হওয়া অর্থের একটি বড় অংশই বিদেশে পাচার করা হতো। গ্রেপ্তার হওয়া চক্রটির অধিকাংশ সদস্যেরই বয়স ৩০ বছরের নিচে।

সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সিআইডি দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। এর মধ্যে ময়মনসিংহ ও কিশোরগঞ্জে অভিযান চালিয়ে চারজন এবং নরসিংদীর পলাশ ও ঢাকার ধানমন্ডিতে অভিযান চালিয়ে আরও চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ডিজিটাল ডিভাইসসহ গুরুত্বপূর্ণ আলামত জব্দ করা হয়েছে।

সিআইডির এক কর্মকর্তা জানান, সাইবার পেট্রোলিংয়ের মাধ্যমে এখন পর্যন্ত ১১৬টি অনলাইন জুয়ার ওয়েবসাইট শনাক্ত করে তা বন্ধের জন্য বিটিআরসিতে পাঠিয়েছে সিআইডি। এ ছাড়া পাচার হওয়া অর্থ উদ্ধারে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ও আন্তর্জাতিক আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করছে সংস্থাটি।