অপরাধ
রাজধানীতে ইট মেরে মোটরসাইকেল চালককে হত্যাচেষ্টা, তিন আসামি কারাগারে
রাজধানীর কাফরুল থানার ইব্রাহিমপুর এলাকায় মোটরসাইকেল চালক সাজিদ চৌধুরী রাফিকে ইট দিয়ে আঘাত করে হত্যাচেষ্টার ঘটনায় গ্রেফতার তিন আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
শুক্রবার বিকেলে তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন এ আদেশ দেন। কাফরুল থানার উপ-পরিদর্শক মো. হাসিবুর রহমান এ আবেদন করেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের এসআই ওয়াজেদ আলী।
কারাগারে পাঠানো আসামিরা হলেন মো. পারভেজ, আনোয়ার হোসেন বাবু ও মো. ফয়সাল ওরফে কালু। এদিন আসামিপক্ষ থেকে কোনো আবেদন করা হয়নি।
এর আগে বৃহস্পতিবার ময়মনসিংহের ধোবাউড়া থানার সীমান্তবর্তী এলাকা থেকে পারভেজ এবং ইব্রাহিমপুর এলাকা থেকে আনোয়ার হোসেন বাবুকে গ্রেফতার করা হয়। এছাড়া কাফরুল এলাকায় অভিযান চালিয়ে ফয়সাল ওরফে কালুকে আটক করে র্যাব।
মামলার অভিযোগে জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক ১টা ২০ মিনিটে ভুক্তভোগী রাফি মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন। ইব্রাহিমপুর এলাকায় পৌঁছালে পূর্ব শত্রুতার জেরে দুষ্কৃতকারীরা তার মাথার ডান পাশে ইট দিয়ে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হয়ে মোটরসাইকেল থেকে রাস্তায় পড়ে যান।
এ ঘটনায় রাফির চাচা নুর হোসেন বাদী হয়ে কাফরুল থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন।