অপরাধ
হাতিয়ায় ১২ বছর বয়সী কন্যাশিশুকে একাধিকবার ধর্ষণের অভিযোগ পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে
নোয়াখালীর হাতিয়ায় ১২ বছর বয়সী এক শিশুকে একাধিকবার ধর্ষণের অভিযোগে জাহাজমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) খোরশেদ আলমকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে নোয়াখালী পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
গতকাল শনিবার (১৩ জুন) রাতে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কবির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগ পাওয়ার পরপরই সংশ্লিষ্ট কর্মকর্তাকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি সংবেদনশীল বিবেচনায় প্রাথমিকভাবে এই প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তদন্ত চলমান রয়েছে।
পরিবারের অভিযোগ ও ভুক্তভোগী শিশুর জবানবন্দি থেকে জানা গেছে, শিশুটির মা ও ভাই দীর্ঘদিন ধরে ওই তদন্ত কেন্দ্রের মেসে রান্নার কাজ করতেন। সেই সুবাদে শিশুটির সেখানে যাতায়াত ছিল। অভিযোগে বলা হয়, দায়িত্ব গ্রহণের পর পরিদর্শক খোরশেদ আলম শিশুটিকে বিভিন্ন সময় তার বাসায় ডেকে নিতেন এবং ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন।
পরিবার আরও অভিযোগ করেছে, ঘটনাটি কাউকে না জানানোর জন্য অভিযুক্ত কর্মকর্তা শিশুটিকে হুমকি দিতেন এবং বিভিন্ন সময় টাকার প্রলোভন দেখাতেন। পরিবারের নিরাপত্তার স্বার্থে বিষয়টি এতদিন গোপন রাখা হয়েছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়।
ভুক্তভোগীর প্রতিবেশী হিমেল জানান, এ ঘটনায় হাতিয়া ও আশপাশের এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন এবং দোষী প্রমাণিত হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কবির হোসেন জানান, কয়েক মাস আগে অভিযোগটি পাওয়ার পর হাতিয়া সার্কেলের এসপি বিষয়টি তদন্ত করেছিলেন। তখন কোনো অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিনি নিজ দায়িত্ব পালন করছিলেন। তবে বর্তমানে পুনরায় বিষয়টি সামনে আসায় তাকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।