অর্থনীতি

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান অধ্যাপক এম জুবায়দুর রহমান


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ০৮:৫৬ এএম

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান অধ্যাপক এম জুবায়দুর রহমান
অধ্যাপক এম জুবায়দুর রহমান। ছবি: সংগৃহীত

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. এম জুবায়দুর রহমান। বুধবার (২৩ জুলাই) ব্যাংকের পরিচালনা পর্ষদের বোর্ড সভায় তিনি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। বর্তমানে তিনি ব্যাংকের একজন স্বতন্ত্র পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

অধ্যাপক জুবায়দুর রহমান একজন সুপ্রতিষ্ঠিত অর্থনীতিবিদ ও শিক্ষাবিদ। ১৯৭৫ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগে প্রভাষক হিসেবে তার কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার থেকে ফিন্যান্স বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

তার পেশাগত জীবনের পরিসর দেশি-বিদেশি বহু প্রতিষ্ঠানে বিস্তৃত। তিনি যুক্তরাষ্ট্রের স্টেট ইউনিভার্সিটি অব নিউ ইয়র্কে অধ্যাপক হিসেবে কাজ করেছেন। এছাড়াও তিনি ইতালির ইউনিভার্সিটি অব বোকোনি এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ইলিনয়, আরবানা-শ্যাম্পেইন ও রাশিয়ার মস্কো স্টেট ইউনিভার্সিটিতে ভিজিটিং স্কলার ও অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

শিক্ষাক্ষেত্র ছাড়াও উন্নয়ন সংস্থাগুলোর সঙ্গেও তার রয়েছে উল্লেখযোগ্য ভূমিকা। বিশ্বব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। ড. জুবায়দুর রহমান উন্নয়নশীল ও উদীয়মান অর্থনীতির দেশগুলোর বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক সংস্থার সঙ্গে স্বতন্ত্র উপদেষ্টা হিসেবে যুক্ত থেকেছেন। তিনি কৌশলগত পরামর্শ ও পরিবর্তন ব্যবস্থাপনা প্রক্রিয়ার ওপর বিশেষজ্ঞ।

বর্তমানে তিনি ঢাকার জেডএনআরএফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেস (জুমস)-এর প্রতিষ্ঠাতা ভাইস চ্যান্সেলর হিসেবেও দায়িত্ব পালন করছেন। তার নেতৃত্বে ইসলামী ব্যাংক নতুন দৃষ্টিভঙ্গিতে পরিচালিত হবে বলে আশা করা হচ্ছে।