অর্থনীতি

এলপিজির দাম বাড়ল ৩৮ টাকা, সন্ধ্যা থেকেই কার্যকর


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ০৪:০৯ পিএম

এলপিজির দাম বাড়ল ৩৮ টাকা, সন্ধ্যা থেকেই কার্যকর
ছবি: সংগৃহীত

ডিসেম্বর মাসের জন্য এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। মঙ্গলবার (২ ডিসেম্বর) দাম সমন্বয়ের এ ঘোষণা দেওয়া হয়, যা আজ সন্ধ্যা থেকেই কার্যকর হয়েছে।

বিইআরসির নির্ধারণ অনুযায়ী, ভোক্তাপর্যায়ে ১২ কেজির সিলিন্ডারের দাম ৩৮ টাকা বেড়ে ১ হাজার ২১৫ টাকা থেকে ১ হাজার ২৫৩ টাকায় দাঁড়িয়েছে। এছাড়াও অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। আগের লিটারপ্রতি ৫৫ টাকা ৫৮ পয়সার বদলে এখন দাম হয়েছে ৫৭ টাকা ৩২ পয়সা।

এর আগে নভেম্বর মাসে এলপিজির দাম কমানো হয়েছিল। তখন ১২ কেজির সিলিন্ডারে ২৬ টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ২১৫ টাকা। অটোগ্যাসের দামও লিটারপ্রতি ১ টাকা ১৯ পয়সা কমিয়ে ৫৫ টাকা ৫৮ পয়সা করা হয়েছিল।