অর্থনীতি

এলপি গ্যাসের ১২ কেজির সিলিন্ডারে দাম কমলো ৫৫ টাকা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০২ জুন ২০২৬, ০৫:২৫ পিএম

এলপি গ্যাসের ১২ কেজির সিলিন্ডারে দাম কমলো ৫৫ টাকা
এলপি গ্যাসের ১২ কেজির সিলিন্ডারে দাম কমলো ৫৫ টাকা। ছবি: সংগৃহীত

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপি গ্যাস) ব্যবহারে কিছুটা স্বস্তি ফিরেছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ১২ কেজি এলপি গ্যাস সিলিন্ডারের দাম ৫৫ টাকা কমিয়ে নতুন মূল্য ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছে।

মঙ্গলবার (২ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি। নতুন নির্ধারিত মূল্য তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

এদিকে অটোগ্যাস ব্যবহারকারীদের জন্যও দাম কমানো হয়েছে। প্রতি লিটার অটোগ্যাসের মূল্য ২ টাকা ৫৭ পয়সা কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করেছে বিইআরসি।

এর আগে গত ১৯ এপ্রিল ১২ কেজি এলপি গ্যাস সিলিন্ডারের দাম ২১২ টাকা বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা করা হয়েছিল। তারও আগে ২ এপ্রিল দাম বাড়ানো হয় ৩৮৭ টাকা, ফলে সিলিন্ডারপ্রতি মূল্য দাঁড়ায় ১ হাজার ৭২৭ টাকা। অর্থাৎ এপ্রিল মাসে দুই দফায় ১২ কেজি সিলিন্ডারের দাম মোট ৫৯৯ টাকা বৃদ্ধি করা হয়েছিল।

সর্বশেষ ঘোষণায় সেই বৃদ্ধির একটি অংশ সমন্বয় করে কিছুটা মূল্যহ্রাসের সিদ্ধান্ত নেওয়া হলো।