অর্থনীতি

তিন দিনের ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ১১:১৭ এএম

তিন দিনের ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম
ছবি: সংগৃহীত

মাত্র তিন দিন আগে স্বর্ণের দাম কমানোর পর দেশের বাজারে আবারও দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা বৃদ্ধি পেয়ে ভ্যাটসহ দাঁড়িয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা।

সোমবার (২৭ জুলাই) সকাল ১০টা থেকে নতুন এ মূল্য কার্যকর হয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি জানিয়েছে, স্থানীয় বাজারে খাঁটি স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম রাখা হয়েছে ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা।

সমিতি আরও জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ মূল্য কার্যকর থাকবে। তবে অলঙ্কারের নকশা ও কারুকাজভেদে মজুরি আলাদাভাবে প্রযোজ্য হবে। স্বর্ণ ও রৌপ্য অলঙ্কারের বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকবে। ফলে গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। এছাড়া অলঙ্কার বিনিময় ও ক্রয়ের ক্ষেত্রে নির্ধারিত ভ্যাট, মজুরি এবং পাথরের মূল্য বাদ দিয়ে সমিতির বিদ্যমান নীতিমালা বহাল থাকবে।

এর আগে ২৪ জুলাই স্বর্ণের দাম কমিয়েছিল বাংলাদেশ জুয়েলার্স সমিতি। সেদিন প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে ভ্যাটসহ ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা নির্ধারণ করা হয়েছিল। তখন ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ছিল ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা।