অর্থনীতি
আখাউড়া-আগরতলা স্থলবন্দর দিয়ে বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম
হিন্দু ধর্মালম্বীদের দোল পূর্ণিমা উপলক্ষে আখাউড়া-আগরতলা স্থলবন্দর দিয়ে বন্ধ রয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম।
বুধবার (০৪ মার্চ) সকাল থেকে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। বাণিজ্য বন্ধ থাকলেও বন্দর ও কাস্টমস হাউজসহ আখাউড়া-আগরতলা আন্তজার্তিক ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্তপথে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক আছে।
আখাউড়া স্থলবন্দর ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশন এবং আগরতলার ‘ইন্দো-বাংলা এক্সপোর্টার-ইমপোর্টার কমিউনিকেশন সেন্টার’ এর নেতারা জানিয়েছেন, বৃহস্পতিবার (০৫ মার্চ) সকালে ত্রিপুরায় মাছ রপ্তানির মধ্য দিয়ে আবারও ভারতের উত্তরপূর্বাঞ্চলের রাজ্যগুলোর সঙ্গে এ পথে আমদানি-রপ্তানি বাণিজ্য চালু হবে।
এদিকে আখাউড়া স্থলবন্দরের মাছ রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারুক মিয়া জানান, ত্রিপুরা রাজ্যের আগরতলার ‘ইন্দো-বাংলা এক্সপোর্টার-ইমপোর্টার কমিউনিকেশন সেন্টার' থেকে পাঠানো পত্রে আগেই জানিয়েছে যে- ভারতে দোল পূর্ণিমা উপলক্ষে সরকারি ছুটি থাকায় বুধবার এ পথে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।
আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট ইনচার্জ আব্দুস সাত্তার জানান, এ পথে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
উল্লেখ্য, দোলযাত্রা বা দোল পূর্ণিমা একটি বৈষ্ণব উৎসব। বসন্তের এ উৎসবটি ‘হোলি’ নামে পরিচিত। অশুভ শক্তির বিনাশ হিসাবে ‘হোলি উৎসব’ হয়ে থাকে। এ উৎসবের কারণে আমদানি-রপ্তানি সংক্রান্ত কাজকর্মের সঙ্গে সম্পৃক্ত সিঅ্যান্ডএফ মালিক, কর্মচারী, হ্যান্ডলিং শ্রমিক, ট্রাকচালকরা নিজ নিজ এলাকায় ফিরে যান। এজন্যই বন্দরে বাণিজ্য কার্যক্রম বন্ধ।