অর্থনীতি

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.০৮ বিলিয়ন ডলার: সংসদে অর্থমন্ত্রী 


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১১:০৩ এএম

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.০৮ বিলিয়ন ডলার: সংসদে অর্থমন্ত্রী 
ছবিঃ সংগৃহীত

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে প্রায় ৩৬ দশমিক ০৮ বিলিয়ন মার্কিন ডলার বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। তিনি বলেন, এই রিজার্ভ মূলত সরকারের বৈদেশিক দায়-দেনা পরিশোধ এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে ব্যবহার করা হয়।

রবিবার (১২ জুলাই) জাতীয় সংসদে সংসদ সদস্য মো. নুরুল ইসলামের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী চলতি বছরের ২৫ জুন পর্যন্ত দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার।

এদিকে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, মোট (গ্রস) বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৫৮ বিলিয়ন মার্কিন ডলার। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যালান্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (BPM6) পদ্ধতি অনুযায়ী ব্যবহারযোগ্য বা নিট রিজার্ভের পরিমাণ ৩১.৯৪ বিলিয়ন মার্কিন ডলার।

অর্থমন্ত্রী আরও জানান, বর্তমানে দেশে বৈদেশিক মুদ্রার বাজারে পর্যাপ্ত তারল্য রয়েছে এবং ডলারের বিনিময় হারও স্থিতিশীল রয়েছে। ফলে সামগ্রিকভাবে বৈদেশিক মুদ্রার বাজার স্বাভাবিক রয়েছে এবং আমদানি ঋণপত্র (এলসি) খোলা কিংবা বৈদেশিক লেনদেন পরিচালনায় কোনো সামগ্রিক ডলার সংকট নেই।