শিক্ষা
উত্তরায় বিমান দুর্ঘটনার ঘটনায় স্থগিত মঙ্গলবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা
উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনার প্রেক্ষাপটে আগামী মঙ্গলবার (২৩ জুলাই) অনুষ্ঠেয় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সোমবার (২২ জুলাই) দিবাগত রাত সাড়ে ২টার দিকে তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এর কিছুক্ষণ পর, রাত প্রায় পৌনে ৩টার দিকে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তার ব্যক্তিগত ফেসবুক পেজে একটি পোস্টে জানান, শিক্ষা উপদেষ্টা সঙ্গে তার বৈঠক হয়েছে এবং সেখানে এইচএসসি পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে।
এর আগে দুপুর সোয়া ১টার দিকে রাজধানীর উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত পাইলটসহ কমপক্ষে ২২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন দেড় শতাধিক মানুষ, যাদের মধ্যে স্কুল-কলেজের শিক্ষার্থী ও শিক্ষকও রয়েছেন।
ভয়াবহ এই দুর্ঘটনার পর অভিভাবক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট মহল থেকে মঙ্গলবারের পরীক্ষা স্থগিতের জোর দাবি ওঠে। তাদের আশঙ্কা ছিল, দুর্ঘটনাকবলিত এলাকা ও আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠান এবং শিক্ষার্থীদের মানসিক অবস্থা বিবেচনায় এনে পরীক্ষা গ্রহণ কঠিন হয়ে পড়বে।
সরকার দ্রুত বিষয়টি আমলে নিয়ে শিক্ষার্থীদের নিরাপত্তা ও মানসিক অবস্থা বিবেচনায় পরীক্ষার তারিখ পরিবর্তনের এই সিদ্ধান্ত নেয়।
নতুন পরীক্ষার সময়সূচি সম্পর্কে পরবর্তী নির্দেশনা শিক্ষা বোর্ডের পক্ষ থেকে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সরকারের পক্ষ থেকে দুর্ঘটনায় নিহতদের পরিবারকে সহায়তা এবং আহতদের চিকিৎসা নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়েছে।