শিক্ষা

এসএসসি ও সমমানে ৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ১১:০৪ এএম

এসএসসি ও সমমানে ৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল
ছবি: সংগৃহীত

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে দেশের ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। এসব প্রতিষ্ঠানের মধ্যে সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীন শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।

ফলাফলের তথ্য অনুযায়ী, দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন ৫৭টি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের ২২৬টি এবং কারিগরি শিক্ষা বোর্ডের ২৯টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি। এ ছাড়া বিদেশে থাকা পরীক্ষাকেন্দ্রগুলোর একটি কেন্দ্র থেকেও কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি।

সোমবার সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করা হয়। শিক্ষামন্ত্রী অধ্যাপক আ ন ম এহছানুল হক মিলন ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নিজ নিজ বোর্ডের ফল শিক্ষামন্ত্রীর কাছে হস্তান্তর করেন।

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী ফরম পূরণ করেছিল। এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন।

এ ছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় ফরম পূরণ করে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনাল পরীক্ষায় ফরম পূরণ করে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী।