বিনোদন
দিশা পাটানির বাড়িতে গুলি: অভিযুক্ত দুই গ্যাং সদস্য ‘বন্দুকযুদ্ধে’ নিহত
ভারতের গাজিয়াবাদে বলিউড অভিনেত্রী দিশা পাটানির বাড়িতে গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত দুই ব্যক্তি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় দিল্লি ও উত্তরপ্রদেশ পুলিশের বিশেষ বাহিনী (এসটিএফ) যৌথ অভিযান চালায়। অভিযুক্তরা ছিলেন গোল্ডি ব্রার-রোহিত গোদারা গ্যাংয়ের সক্রিয় সদস্য।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুর্বৃত্তদের একটি নির্জন এলাকায় ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় তারা পুলিশের ওপর গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়। এতে গুরুতর আহত হয় দুই জন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
নিহত দুই ব্যক্তির নাম রবীন্দ ওরফে কাল্লু ও অরুণ। তারা হরিয়ানার বাসিন্দা। অভিযানে তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, প্রযুক্তিগত নজরদারির মাধ্যমে তাদের অবস্থান শনাক্ত করা হয়েছিল।
এসটিএফ জানায়, নিহতরা শুধু দিশা পাটানির বাড়িতে গুলি চালানোর ঘটনায় নয়, বরং আরও একাধিক ফৌজদারি মামলার আসামি ছিল। তাদের নামে খুন, চাঁদাবাজি ও অস্ত্র মামলাসহ বহু অভিযোগ রয়েছে।
উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর সন্ধ্যায় বলিউড তারকা দিশা পাটানির বাড়ির সামনে ৩ থেকে ৪ রাউন্ড গুলি ছুঁড়ে পালিয়ে যায় দুই মোটরসাইকেল আরোহী। ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় রোহিত গোদারা-গোল্ডি ব্রার গ্যাং দায় স্বীকার করে।
জানা গেছে, দিশা পাটানির বোন খুশবু পাটানি সম্প্রতি এক আধ্যাত্মিক গুরুর নারীবিদ্বেষী বক্তব্যের প্রতিবাদ করেছিলেন। এরপরই গ্যাংস্টার রোহিত গোদারা সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকি দেয় যে, ‘আধ্যাত্মিক গুরুর অপমানের জবাব দেওয়া হবে।’
এরই ধারাবাহিকতায় দিশা পাটানির বাড়ির সামনে গুলির ঘটনা ঘটে বলে সন্দেহ করছে পুলিশ। পুলিশের দাবি, দিল্লি ও এনসিআর এলাকায় সক্রিয় কুখ্যাত গ্যাংগুলোর তালিকায় গোল্ডি ব্রার-রোহিত গোদারা গ্যাং অন্যতম। তাদের বিরুদ্ধে একাধিক রাজ্যে মামলাও রয়েছে।