বিনোদন

কে শাহরুখ খান? কেউ মনে রাখবে না: বিবেক ওবেরয়


বিনোদন ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ০৪:৫৬ পিএম

কে শাহরুখ খান? কেউ মনে রাখবে না: বিবেক ওবেরয়
শাহরুখ খান (বামে) এবং বিবেক ওবেরয়। ছবি: সংগৃহীত

বলিউড বাদশা শাহরুখ খান; পৃথিবীর সবচেয়ে ধনী অভিনেতাদের একজন, জনপ্রিয়তায় যার ধারে কাছে নেই হলিউডের অনেক তারকাও। এমন এক সুপারস্টারকে নিয়েই এবার বিতর্কিত মন্তব্য করলেন অভিনেতা বিবেক ওবেরয়। তার দাবি, ২৫ বছর পর মানুষ নাকি শাহরুখ খানকে চিনবেই না- ইতিহাসে মিলিয়ে যাবেন তিনিও।

ক্যারিয়ারের শুরুতে দারুণ সম্ভাবনা জাগিয়েছিলেন বিবেক। ২০০২ সালে কোম্পানি–র মাধ্যমে বলিউডে তারকাখ্যাতি অর্জন করেছিলেন তিনি। কিন্তু কিছু ছবির পরই সলমন খানের সঙ্গে মনোমালিন্য, নানা বিতর্কিত মন্তব্যসহ ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনায় জড়াতে থাকেন। ধীরে ধীরে ছবির কাজও কমে আসে। এখন অভিনয়ের চেয়ে পারিবারিক ব্যবসাতেই বেশি ব্যস্ত তিনি। মাঝেমধ্যে অল্পকিছু প্রজেক্টে দেখা যায় তাকে।

vivek_Dhakaprokash.jpg

এমন অবস্থায় নিজের নতুন ছবি মাস্তি ৪–এর প্রচারে গিয়ে শাহরুখকে নিয়ে মন্তব্য করে আবারো আলোচনায় এলেন বিবেক। একটি সাক্ষাৎকারে তারকাখ্যাতি, সময়ের সঙ্গে জনপ্রিয়তার পরিবর্তন ও অভিনেতাদের টিকে থাকার বিষয়ে মতামত জানতে চাইলে সটান শাহরুখ খানের নাম তুলে উদাহরণ দেন তিনি।

বিবেক বলেন, “ছয়ের দশকের ছবিতে কোন তারকা ছিলেন, কেউ বলতে পারবে না। সময়ের সঙ্গে ইতিহাস আমাদের ভুলে যায়। ২০৫০ সালে মানুষ হয়তো প্রশ্ন করবে- ‘কে শাহরুখ খান?’ যেমন আজকের অনেক তরুণ বলেন- ‘কে রাজ কাপুর?’ আমরা তাকে সিনেমার ভগবান মনে করি ঠিকই, কিন্তু আজকের প্রজন্ম তাদের চেনে না। এভাবেই ভুলে যাওয়া হয় সবাইকে।”

vivek1_Dhakaprokash.jpg

নিজের সংগ্রামের কথাও তুলে ধরেন বিবেক। দাবি করেন, শুরুর দিকে ফারহা খানের সহকারী হিসেবে কাজ করেছেন, রিহার্সাল রুম পরিষ্কার করেছেন, ব্যাকগ্রাউন্ড ডান্সারদের চা পর্যন্ত পরিবেশন করেছেন তিনি। বাবার (অভিনেতা সুরেশ ওবেরয়) পরিচয় ব্যবহার করেননি বলেও জানান।

মাঝে ক্যারিয়ার থমকে গেলেও ‘মাস্তি’ সিরিজে নিয়মিত অংশ বিবেকের। ২০০৪ সালে প্রথম মাস্তি মুক্তি পায়। এরপর আসে গ্র্যান্ড মাস্তি (২০১৪) ও গ্রেট গ্র্যান্ড মাস্তি (২০১৬)। সবশেষ আগামী ২১ নভেম্বর মুক্তি পাচ্ছে মাস্তি ৪, যেখানে রিতেশ দেশমুখ, আফতাব শিবদাসানি, এলনাজ নুরানি, রুহি সিংহসহ আরও কয়েকজন অভিনয় করেছেন।