বিনোদন
অবশেষে গুঞ্জন সত্য হলো, মারা গেলেন ধর্মেন্দ্র
বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র আর নেই- অবশেষে গুঞ্জনের মধ্যেই সত্য হলো এই খবর। সোমবার (২৪ নভেম্বর) দুপুরে মুম্বাইয়ের নিজ বাসভবনে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ভারতের জনপ্রিয় ম্যাগাজিন ফিল্মফেয়ারসহ একাধিক গণমাধ্যম।
৮৯ বছর বয়সে মৃত্যু হলো হিন্দি চলচ্চিত্রের এই ‘হি-ম্যান’-এর। তার প্রস্থানে ভারতের চলচ্চিত্রজগতের ছয় দশকের এক উজ্জ্বল অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল।
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, দুপুরের পরপরই ধর্মেন্দ্রের বাড়িতে একটি অ্যাম্বুলেন্স প্রবেশ করতে দেখা যায়। বাড়ির আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে, ৫০ মিটার দূর থেকেই সাধারণ মানুষের প্রবেশাধিকার সীমিত করা হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন অভিনেতার মেয়ে এশা দেওল। আরও বেশ কয়েকজন তারকার গাড়িকেও বাড়ির ভেতরে যেতে দেখা গেছে।

চলতি মাসের শুরুতে শ্বাসকষ্টজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন ধর্মেন্দ্র। তখনই সামাজিক যোগাযোগমাধ্যমে তার স্বাস্থ্য নিয়ে নানা গুজব ছড়িয়ে পড়ে, যা নিয়ে পরিবারের পক্ষ থেকে ক্ষোভও প্রকাশ করা হয়েছিল। পরে কিছুটা সুস্থ হয়ে তিনি বাড়িতে ফিরেছিলেন।
আগামী ৮ ডিসেম্বর ধর্মেন্দ্রের ৯০তম জন্মদিন উপলক্ষে পরিবারে বড় ধরনের আয়োজনের প্রস্তুতি চলছিল। স্ত্রী হেমা মালিনীও বিশেষ এই দিনটি ঘিরে নানা পরিকল্পনা শুরু করেছিলেন বলে জানা গেছে। কিন্তু তার আগেই চলে গেলেন যুগলবন্দির এক নায়ক, অসংখ্য ভক্তের প্রিয় ধর্মেন্দ্র।