বিনোদন

নাতনিকে বিয়ে না করার পরামর্শ দিলেন জয়া বচ্চন


বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ০৭:০২ পিএম

নাতনিকে বিয়ে না করার পরামর্শ দিলেন জয়া বচ্চন
জয়া বচ্চন ও তার নাতনি নভ্যা নাভেলি নন্দা। ছবি: সংগৃহীত

বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী ও সংসদ সদস্য জয়া বচ্চন আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। স্পষ্টভাষী হওয়ায় তিনি প্রায়ই সোশ্যাল মিডিয়ায় সমালোচনা–প্রশংসা দুটোই কুড়ান। এবার এক সাক্ষাৎকারে বিয়ে, সম্পর্ক এবং পরিবার নিয়ে খোলামেলা মন্তব্য করে ফের বিতর্কের জন্ম দিয়েছেন তিনি।

জয়া বচ্চন জানান, তার কাছে এখন বিয়ের ধারণা অনেকটাই সেকেলে। বিশেষ করে নিজের নাতনি নভ্যা নাভেলি নন্দাকে তিনি বিয়ে না করার পরামর্শই দিয়েছেন। তার ভাষায়- “আমি চাই না নভ্যা বিয়ে করুক। জীবন উপভোগ করুক, অভিজ্ঞতা অর্জন করুক।”

jaya_bacchan1_Dhakaprokash.jpg

তিনি বলেন, জীবনে সম্পর্ক, সংযোগ, শারীরিক আকর্ষণ- এসবের গুরুত্ব থাকলেও সামাজিক প্রথা হিসেবে বিয়ের প্রয়োজনীয়তা আজ আর আগের মতো নেই। মানুষের ব্যক্তিগত স্বাধীনতা ও জীবনধারার ওপর নির্ভর করা উচিত যে তারা বিয়ে করবে কিনা।

অমিতাভ বচ্চনের সঙ্গে নিজের বিবাহ নিয়ে প্রশ্ন করা হলে জয়া রসিকতা করে বলেন, “আমি তাকে জিজ্ঞেস করিনি। তিনি হয়তো বলবেন, আমিই তার জীবনের সবচেয়ে বড় ভুল। কিন্তু আমি সেটা শুনতে চাই না।”

তার এই মন্তব্য সামনে আসতেই নেটিজেনদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা যায় কেউ বলছেন তিনি নিজের মত প্রকাশে সাহসী, আবার কেউ মন্তব্যকে তীব্র সমালোচনা করেছেন।

jaya_bacchan2_Dhakaprokash.jpg

তবে সাক্ষাৎকারে জয়া স্বীকার করেন, জীবনের শুরুর দিকে তিনি অমিতাভকে প্রথম দেখাতেই ভালোবেসেছিলেন। আর তাদের বিয়ের গল্পটিও যেন সিনেমার মতোই নাটকীয়।

১৯৭৩ সালে জঞ্জির মুক্তির পর লন্ডনে যাওয়ার পরিকল্পনা করেছিলেন তারা। কিন্তু অমিতাভের বাবা হরিবংশ রাই বচ্চন স্পষ্ট জানিয়ে দেন, “যেতে হলে আগে বিয়ে করতে হবে।”

বাবার সেই শর্ত মেনেই মাত্র এক রাতের প্রস্তুতিতে বিয়ে করেন অমিতাভ–জয়া। পরদিনই নবদম্পতি রওনা দেন লন্ডনের উদ্দেশ্যে। ৫২ বছরের দাম্পত্য জীবনের পরও তাদের কাহিনি ভক্তদের কাছে সমান আকর্ষণীয়।