বিনোদন
প্রেমের গুঞ্জন ছাপিয়ে বিয়ের পথে ধানুশ ও ম্রুণাল!
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ধানুশ ও বলিউড তারকা ম্রুণাল ঠাকুরের প্রেম নিয়ে দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছে নানা গুঞ্জন। এবার সেই সম্পর্ক নাকি বিয়ের পরিণতি পেতে যাচ্ছে—এমন খবরে নতুন করে সরগরম নেটদুনিয়া। বিনোদন অঙ্গনের আলোচনায় এখন একটাই প্রশ্ন, সত্যিই কি খুব শিগগিরই চার হাত এক করতে চলেছেন এই তারকা জুটি?
ভারতীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যে দাবি করা হচ্ছে, আগামী ২৬ ফেব্রুয়ারি ধানুশ ও ম্রুণালের বিয়ের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হতে পারে। বিয়ের ভেন্যু হিসেবে নাকি নির্ধারিত হয়েছে রাজস্থানের ঐতিহ্যবাহী ও রাজকীয় শহর উদয়পুর। সেখানকার একটি অভিজাত প্রাসাদে সীমিত পরিসরে অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলছে বলে গুঞ্জন রয়েছে।
জানা গেছে, বড় পরিসরের জাঁকজমকপূর্ণ আয়োজনের বদলে একান্ত ব্যক্তিগত আয়োজনে বিয়ে করতে চান ধানুশ ও ম্রুণাল। অনুষ্ঠানে দুই পরিবারের সদস্য এবং হাতে গোনা কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু ছাড়া আর কেউ থাকবেন না বলেই আলোচনা চলছে। তবে এসব নিয়ে এখনো ধানুশ বা ম্রুণাল—কেউই প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

এর আগে বিভিন্ন সময় তারা নিজেদের কেবল ভালো বন্ধু বলেই পরিচয় দিয়েছেন। কিন্তু সাম্প্রতিক সময়ে একাধিক অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিতি, পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় একে অপরের প্রতি বাড়তি ঘনিষ্ঠতা ভক্তদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে। অনেকের ধারণা, নীরবতার আড়ালেই বড় কোনো ঘোষণা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন এই দুই তারকা।
উল্লেখ্য, ধানুশের ক্ষেত্রে এটি হতে যাচ্ছে দ্বিতীয় বিয়ে। এর আগে রজনীকান্ত-কন্যা ঐশ্বরিয়ার সঙ্গে প্রায় ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন তিনি। তাদের সংসারে রয়েছে দুই পুত্রসন্তান। অন্যদিকে ক্যারিয়ারের শীর্ষ সময়ে থাকা ম্রুণাল ঠাকুরের সঙ্গে ধানুশের বয়সের ব্যবধানও আলোচনায় এসেছে।
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত এই গুঞ্জন সত্যি হয় কি না, সে অপেক্ষায় এখন ভক্তরা। আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত বিষয়টি যে রহস্যই থেকে যাচ্ছে, তা বলাই যায়।