বিনোদন

আগামীকাল তৃতীয় বিয়ে করছেন আমির খান, উপস্থিত থাকবেন সাবেক দুই স্ত্রী


বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৫:৫৮ পিএম

আগামীকাল তৃতীয় বিয়ে করছেন আমির খান, উপস্থিত থাকবেন সাবেক দুই স্ত্রী
ছবি: সংগৃহীত

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। সবকিছু ঠিক থাকলে আগামী ৫ জুলাই তৃতীয়বারের মতো বিয়ের বন্ধনে আবদ্ধ হচ্ছেন বলিউড তারকা আমির খান। তার হবু স্ত্রী গৌরী স্প্র্যাট। প্রায় দুই বছরের সম্পর্কের পর নতুন জীবনের সূচনা করতে যাচ্ছেন এই জুটি।

ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, মুম্বাইয়ে নিজ বাসভবনেই সীমিত পরিসরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন আমির খান। জাঁকজমকপূর্ণ আয়োজনের বদলে ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও বন্ধুদের উপস্থিতিতেই বিয়ে সারতে চান তিনি। বিয়ে অনুষ্ঠিত হবে ‘স্পেশাল ম্যারেজ অ্যাক্ট’-এর আওতায়।

অনুষ্ঠানে ১০০ থেকে ১৫০ জন অতিথি উপস্থিত থাকার কথা রয়েছে। আমির খানের পরিবারের সদস্যদের পাশাপাশি থাকবেন তার দুই সাবেক স্ত্রী, তিন সন্তান এবং বোনদের পরিবার। বলিউড অঙ্গন থেকে আমন্ত্রণ পেয়েছেন নির্মাতা আশুতোষ গোয়ারিকর ও রাজকুমার সন্তোষী।

তবে শাহরুখ খান ও সালমান খানের উপস্থিতি নিয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের দাবি, মূল অনুষ্ঠান শেষে বন্ধুকে শুভেচ্ছা জানাতে হাজির হতে পারেন এই দুই তারকা।

বিয়ের আনুষ্ঠানিকতা শেষে অতিথিদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন থাকবে। হবু দম্পতির পছন্দ অনুযায়ী খাবারের তালিকা সাজানো হলেও মেনু এখনো প্রকাশ করা হয়নি।

চলতি বছরের মার্চে নিজের ৬০তম জন্মদিন উপলক্ষে প্রথমবারের মতো গৌরী স্প্র্যাটকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন আমির খান। তখনই তাদের সম্পর্ক প্রকাশ্যে আসে এবং এরপর থেকেই বিয়ের গুঞ্জন ছড়ায়। অবশেষে সেই গুঞ্জনই বাস্তবে রূপ নিতে যাচ্ছে।